স্বর্ণ জয়ের স্বপ্ন পূরণে ১৪ জুলাই ইংল্যান্ড যাচ্ছে ৬ খুদে গণিতবিদ
আগামী সোমবার ইংল্যান্ডের বাথ শহরে অনুষ্ঠিতব্য ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৬ খুদে গণিতবিদ। এরা হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির জিতেন্দ্র বড়ুয়া, ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির তাহসিন খান, ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একাদশ শ্রেনির মো. নাফিজ নূর, বরিশাল ক্যাডেট কলেজের একাদশ শ্রেণির মুসাহিদ আহমদ ও ঢাকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী এস এম এ নাহিয়ান।
বিশ্বের ১০০টির বেশি দেশের প্রায় ৬০০ প্রতিযোগীর সঙ্গে গণিতের খেলায় বিজয়ী হওয়ার স্বপ্ন নিয়ে আগামী ১৪ জুলাই বাংলাদেশ থেকে ইংল্যান্ডের পথে উড়াল দেবে তারা।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে তাদেরর সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ । এসময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে তাদের সাফল্য কামনা করে বক্তব্য দেন গণিত অলিম্পিয়াডের সহসভাপতি বুয়েটের গণিতের অধ্যাপক আবদুল হাকিম খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক হায়দার আলী বিশ্বাস, ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক রাজিয়া বেগম, বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা রিয়াজ ও রিভ সিস্টেমের পরিচালক আজমত ইকবাল।
প্রসঙ্গত, বাংলাদেশ ২০০৪ সালে আইএমওর সদস্য পদ লাভ করে এবং ২০০৫ সাল থেকে নিয়মিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শুধু অংশ নেওয়ার জন্যই অংশ নেওয়া বা অভিজ্ঞতা লাভের জন্য অংশ গ্রহণ নয়। গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সোনালি সাফল্য বয়ে এনেছে খুদে গণিতবিদেরা। গত ১৯ বছরে মেধাবী তরুণেরা ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৩৫টি ব্রোঞ্জসহ মোট ৪৩টি পদক এবং আরও ৪০টি সম্মাননা স্বীকৃতি অর্জন করে গণিতের বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করেছে।







